শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শুধু আইন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে বলেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেছেন, “শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আইনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করতে হবে এবং আইনের সঠিক প্রয়োগ সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোনো অপরাধী যেন পার না পায় এবং কোনো নিরপরাধ মানুষ যেন অবিচারের শিকার না হয়- সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
বুধবার বিকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মহাসড়কের পাশে চোরাই পণ্য ও জ্বালানি তেল কেনাবেচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো ধরনের চোরাচালান, অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে পর্যায়ক্রমে যা যা করণীয়, সরকার তার সবই করবে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।
