মানিকগঞ্জে পাটখড়ির ট্রলারে আগুন, মামলা না নেওয়ার অভিযোগ
প্রাথমিক তদন্তের পর মামলা নেওয়া হবে বলে হরিরামপুর থানার পুলিশ জানিয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুরে পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন দেওয়ার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
তবে প্রাথমিক তদন্তের পর মামলা নেওয়া হবে বলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানিয়েছেন।
বুধবার সকালে হরিরামপুরের বাহাদুরপুর বাজার এলাকায় পদ্মা নদীতে পাটখড়ি বোঝাই একটি ট্রলার পুড়ে গেছে। ওই ট্রলারের শ্রমিকদের অভিযোগ, দাবি করা চাঁদা না দেওয়ায় একদল লোক পাটখড়িতে আগুন দিয়েছে।
ওই ট্রলারের মাঝি আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল রাতে মামলা করার জন্য থানায় যাই। রাত ১২টা পর্যন্ত থানায় ছিলাম; তবে থানা মামলা নেয়নি। আজকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। তারপরও মামলা নেয়নি পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিকভাবে তদন্তের পর মামলা নেওয়া হবে।"
পাটখড়ির মালিকের ছেলে সামসুল হক বলেন, "গতকাল আমরা রাত ১২টা পর্যন্ত মামলা করার জন্য থানায় ছিলাম। আমাদেরকে বলছে থানার কম্পিউটার নষ্ট তাই আজ মানলা নিতে পারছি না। কালকে সকালে আসেন। আজ আমরা ১২ জনের নাম উল্লেখ করে মামলা করতে চাইলেও এসআই আমির হামজা দুইজন আসামির নাম বাদ দিতে বলেন।"
ট্রলারের শ্রমিক কালাম বলেন, "মামলা না নিয়ে গতকাল রাতে ওসি স্যার আমাদেরকে বলেছেন, তোমাদের ট্রলারে তোমরাই আগুন দিয়েছ। তোমরা আগুন দিয়ে মিথ্যা কথা বলছ।”
ট্রলারে থাকা পাটখড়ির মালিক ইউনুস বলেন, "এসআই আমির হামজা মামলার প্রথমে চারজনের এবং পরবর্তীতে দুইজনের নাম বাদ দিতে বলেছেন।"
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, "অভিযোগ প্রাথমিকভাবে তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। প্রাথমিক তদন্তের পর আজই মামলা নেওয়া হবে।"
অভিযোগের প্রাথমিক তদন্ত করছেন এসআই আমির হামজা।
আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়ে বলেন, “আমি নাম বাদ দিতে বলব ক্যান? মিথ্যা অভিযোগ।”
আরও পড়ুন:
মানিকগঞ্জে পুড়ল পাটখড়ির ট্রলার, চাঁদা কম দেওয়ায় অগ্নিসংযোগের অভিযোগ
