২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পলিথিনের আস্তরের কারণে বুড়িগঙ্গায় ড্রেজিং সম্ভব না: উপদেষ্টা রিজওয়ানা

“আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 05:11 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

ঢাকার বুড়িগঙ্গা নদীর নিচে পলিথিনের আস্তর পড়ে থাকায় সেখানে ড্রেজিং করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে সবাইকে পলিথিন ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার সকালে টাঙ্গাইলের ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারের এ উপদেষ্টা।

রিজওয়ানা বলেন, “ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা।”

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না বলেও মন্তব্য করেছেন রিজওয়ানা। বলেন, “প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন, প্রাকৃতিক বনে বন থাকবে।”

“বন বিভাগের প্রাথমিক দায়িত্ব হচ্ছে, প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনায়নে আর কোনো সামাজিক বনায়ন হবে না।”

বিদ্যুৎ অপচয় রোধ প্রসঙ্গে তিনি বলেন, “বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কীভাবে হয় তা জানতে হবে। আমরা কেন দিনে বিদ্যুৎ অপচয় করব? প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে প্রোগ্রাম করব?”

টাঙ্গাইলের ডিসি শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন সম্মেলনে বক্তব্য রাখেন।