১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ আম চাষিদের

অন্যায্যভাবে টোল ও পরিবহন ফি আদায় বন্ধ করা না হলে টোল কেন্দ্রগুলো ঘেরাও করা হবে বলে প্রান্তিক কৃষকরা হুঁশিয়ারি দেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:42 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

উৎপাদিত ফসলের ওপর তিনটি প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেছেন খাগড়াছড়ির আম চাষিরা। 

এর প্রতিবাদে সোমবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও সমাবেশে আটটি কৃষক সংগঠনের ব্যানারে কয়েকশ চাষি অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, আম, কাঁঠালসহ বিভিন্ন কৃষি পণ্যের ওপর পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া অন্য জেলায় কৃষি পণ্য পাঠানোর ক্ষেত্রে এসএ পরিবহন অতিরিক্ত পরিববহন ফি আদায় করছে বলেও অভিযোগ করেন তারা। 

অন্যায্যভাবে টোল ও পরিবহন ফি আদায় বন্ধ করা না হলে টোল কেন্দ্রগুলো ঘেরাও করা হবে বলে প্রান্তিক কৃষকরা হুঁশিয়ারি দেন।

পরে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন কৃষকরা।

খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি তরুণ আলো চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশ্যি চৌধুরী, পার্বত্য ফল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, পানছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা, চাষি অনিমেষ চাকমা রিংকু।