মানিকগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
এ ঘটনায় মাইক্রোবাসের চালক ইসমাইল পুলিশের হেফাজতে আছেন। গাড়িটিও জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিংগাইর থানার এসআই মো. সুমন মিয়া।
নিহত শহীদুল ইসলাম (৩৫) মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ই ভিকড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
সুমন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ে মানিকগঞ্জ থেকে হেমায়েতপুরের দিকে যাচ্ছিলেন শহীদুল ইসলাম।
পথে খোলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হাইস মডেলের মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহীদুল ইসলাম মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় মাইক্রোবাসের চালক ইসমাইল (৩৩) পুলিশের হেফাজতে আছেন। গাড়িটিও জব্দ করা হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল চালক নির্দিষ্ট লেন দিয়ে স্বাভাবিক গতিতেই যাচ্ছিলেন তবে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।
তবে চালক ইসমাইল সাংবাদিকদের বলেন, “হ্যালোবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এটা দুর্ঘটনা।”
