বাগেরহাট দুই বিপণিবিতানে চুরি, ‘৫ লাখ টাকার মালামাল’ খোয়া
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা পুলিশের অবহেলাকে দায়ী করছেন।
বাগেরহাট শহরে এক রাতে দুটি বিপণিবিতানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, সোনার গহনাসহ অন্তত ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে ব্যবসায়ীদের দাবি।
গত শনিবার গভীর রাতে শহরের কাজী নজরুল ইসলাম সড়কের হাজী শামসুদ্দিন প্লাজা ও জ্যাকসন সুপার মার্কেটের সাতটি দোকানে এ ঘটনা ঘটে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান।
ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল: রাউন্ড ফ্যাশন, গোল্ড কর্নার, স্মার্ট চয়েস, ওয়ান নাইনটি নাইন, পারিজাত গার্মেন্টস, রুবাব ফ্যাশন এবং সুরুচি গার্মেন্টস।
প্রথম চারটি জ্যাকসন সুপার মার্কেটে এবং বাকি তিনটি হাজী শামসুদ্দিন প্লাজায়। এদের মধ্যে তিনটি প্রসাধনী ও চারটি তৈরি পোশাক বিক্রির দোকান।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা পুলিশের অবহেলাকে দায়ী করেছেন।
হাজী শামসুদ্দিন প্লাজার মালিক ও পোশাক ব্যবসায়ী শেখ বশিরুল ইসলাম বলেন, “পাশাপাশি দুটি বিপণিবিতানের সাতটি দোকানে একই রাতে চুরি হয়েছে।”
শহরের প্রাণকেন্দ্রে পাশাপাশি সাতটি দোকানে একই সময়ে চুরি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পারিজাত গার্মেন্টসের মালিক মো. মাহবুবুল আলম কাজল বলেন, “শনিবার রাতে বৃষ্টি ছিল। চোরের দল আমার দোকানের সার্টার ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে। তবে তারা কোনো পোশাক নেয়নি।”
শারমিন বেগম নামের আরেক দোকানী এই প্রতিবেদককে বলেন, “প্রতিদিনের মত শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে পাশের দোকানী এসে এ অবস্থা দেখে আমাকে ফোন দেন। দোকানের ক্যাশবাক্সে আমার কানের দুল, নাকফুল ও একটি আংটি রাখা ছিল। এসে দেখি, নগদ টাকাসহ সেগুলোও খোয়া গেছে।”
খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি আজিজুল ইসলাম পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীদের করা অভিযোগ অস্বীকার করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছে, দুটি মার্কেটই অরক্ষিত। এতো বড় দুটি বিপণিবিতানে কোনো সিসি ক্যামেরা নেই, নিজস্ব পাহারার ব্যবস্থা নেই।”
চোরদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি আজিজুল ইসলাম।
