১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওয়ান-ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই: মাহফুজ

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

ওয়ান-ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই: মাহফুজ
লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মাহফুজ আলম।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

ওয়ান-ইলেভেন নিয়ে মিছে ভয় না পাওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 

দেশে সেনাশাসন আসার কোনো প্রেক্ষাপট নেই দাবি করে তিনি বলেছেন, “আমরা ওয়ান-ইলেভেন চাই না। এ নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। 

“ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাঁবেদারি করার আর দরকার নেই। হাসিনার তাঁবেদারি করার যে প্রক্রিয়া, সেটিকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারও কাছে আর মাথানত করব না।”

শনিবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মাহফুজ আলম।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মাহফুজ আলম বলেন, “আসুন বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই। সংস্কারগুলো করার জন্য সরকারকে সহযোগিতা করুন।

তিনি বলেন, “আওয়ামী লীগ আবার যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকব না। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেব। আমরা আবার লড়াই করব। 

“আমরা শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই। বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও বিচারের আওতায় আনব।”

‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের সন্তান মাহফুজ বলেন, “অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছে। শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের আগে সেসব সংস্কার করতে চাই।

“শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, যারা এখনো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। নির্বাচনের আগে অবশ্যই ওই প্রতিষ্ঠানে যারা দালাল আছে, তাদেরকে উৎখাত এবং খুনিদের বিচার করে করতে চাই।”

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি জাকির হোসেন এবং হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক বক্তব্য দেন।