বরিশালে ২ মামলায় মঈন আব্দুল্লাহ চার দিনের রিমান্ডে
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয়ের হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় মঈন আব্দুল্লাহর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার বরিশাল মহানগর হাকিম নুরুল আমিন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহর দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক জানান।
এ ছাড়া আরো দুটি মামলায় তাকে (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসআই এনামুল হক বলেন, “দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। মহানগর বিচারিক হাকিম দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।”
বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী লস্কর নূরুল হক বলেন, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তী তারিখে জামিনের আবেদন করা হবে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল।
মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সদ্যসাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মঈন আব্দুল্লাহর বড় ভাই।
