২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাস ধর্মঘট প্রত্যাহার ১১ ঘণ্টা পর

শহরের সঙ্গীতা মোড়ে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 07:12 PM

Updated : 05 Apr 2023, 07:12 PM

দীর্ঘ ১১ ঘণ্টা পর সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে ইচ্ছুক যাত্রীদের টিকিট দেওয়া হয়।

এর আগে শহরের প্রাণকেন্দ্র সঙ্গীতা মোড়ে দূরপাল্লার পরিবহন কাউন্টারের সামনে বাস রাখতে না দেওয়ার প্রতিবাদে বুধবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক ও কাউন্টার কর্মচারীরা।

ফলে দূর-দূরান্তের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের সহ-ব্যবস্থাপন খায়রুল বাসার বলেন, ১১ ঘণ্টা বেশি সময় ধর্মঘট ছিল। প্রশাসনের সঙ্গে প্রাথমিক সমঝোতার পর কাউন্টারের সামনে ১০ মিনিটের বেশি বাস না রাখার শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে আবার কাউন্টারে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে।

মেহেদী আফসার শিমুল নামের এক যাত্রী জানান, তিনি ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৯টায় সাতক্ষীরায় এসে জানতে পারেন, ঢাকাগামী বাস বন্ধ। এ অবস্থায় তিনি বিপাকে পড়েন।

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন জানান, গুরুত্বপূর্ণ কাজে তিনি ঢাকায় যেতে চেয়েছিলেন। কিন্তু বুধবার সকাল ৯টায় এসে দেখেন, পরিবহন ধর্মঘট চলছে। পরে তিনি লোকাল বাসে খুলনা হয়ে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঈগল পরিবহনের ম্যানেজার মহসিন হোসেন জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখানে পরিবহন রাখা নিষিদ্ধ করে।

কোনো উপায় না দেখে বুধবার সকাল থেকে মালিকরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানান মহসিন হোসেন।

সাতক্ষীরার ডিসি হুমায়ুন কবির জানান, সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় বাস কাউন্টার থাকায় দিন-রাত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ বিবেচনায় সেখানে পরিবহন না রাখার সিদ্ধান্ত হয়েছিল সভায়। তবে পরিবহন মালিকরা সে সিদ্ধান্ত কার্যকর করেননি।

“যে কারণে পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়ার নির্দেশ দেয়।”

ডিসি আরও জানান, বুধবার সকাল থেকে ধর্মঘট চলার তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকাল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে হানিফ পরিবহনের সাতক্ষীরার ম্যানেজার মুকুল হোসেন বলেন, “ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে বাস পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে; জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”