১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

এক সপ্তাহে আগে বাড়ি থেকে শহরে আসার সময় ওয়ারলেছ এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 03:59 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মধ্য ইচলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি একেএমএস ইকবাল।

নিহত সিরাজুল ইসলাম গাজী (৭২) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ির মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েকবছর আগে দেশে ফেরার পর থেকে বাড়িতেই থাকতেন। তবে এক সপ্তাহে আগে তিনি বাড়ি থেকে শহরে আসার সময় ওয়ারলেছ এলাকা থেকে নিখোঁজ হন। 

তার খোঁজে পরিবার থেকে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

ওসি একেএমএস ইকবাল বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা থানায় এসেছেন। 

ময়নাতদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।