১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের ওপর হামলা: গাজীপুরে বিক্ষোভে যোগ দিয়েছেন হাসনাত-সারজিস

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে নগরের ভাওয়াল রাজবাড়ি সড়ক অবরোধ করে সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

শনিবার দুপুরে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ শেষে নগরের ভাওয়াল রাজবাড়ি সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা ও মহানগর শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনের সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ক্ষমা চেয়ে পদত্যাগের পাশাপাশি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান।

সমাবেশে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। 

শুক্রবার রাত ৯টার দিকে নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

হামলায় আহতদের সবাইকেই প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোজাম্মেলের বাড়িতে হামলা-ভাঙচুর: গাজীপুরে আহত ৭ জন ঢাকা মেডিকেলে

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত

গাজীপুরে হামলা: হাসপাতালে আহতদের খবর নিলেন সারজিস ও হাসনাত

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ