কুমিল্লায় অটোরিকশা চালককে হত্যার দায়ে ৪ জনের প্রাণদণ্ড
২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে চালককে মারধর করে পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে জানান এপিপি।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অটোরিকশা চালক ইকতার হোসেনকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান আসামিদের অনুপস্থিত এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) নুরুল ইসলাম।
নিহত ইকতার দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের আবদুর রহমানের ছেলে।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৩০), একই উপজেলার জুরানপুর গ্রামের ডিপটির ছেলে সুমন (২২), দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং একই উপজেলার জাফরাবাদ গ্রামের রুবেল (২৩)।
মামলার বরাতে এপিপি নুরুল ইসলাম বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে অটোরিকশা চালক ইকতার বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
“পরদিন দাউদকান্দির পুটিয়া বেকিনগর হিমালয় মৎস্য প্রজেক্টের মাঝামাঝি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে স্থানীয়রা অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে তুলে দেয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানান, আগের দিন রাতে যাত্রী বেশে ইকতারের অটোরিকশায় ওঠেন তারা। পথে গাড়ি থামিয়ে ইকতারকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে পানিতে চুবিয়ে হত্যার পর মরদেহ কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন।”
অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে থানায় খবর দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
এপিপি আরও জানান, এ ঘটনায় ২০১৩ সালের ২৫ এপ্রিল নিহতের বড় ভাই মো. আক্তার হোসেন বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
২০১৩ সালের ২৩ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি থানার তৎকালীন এসআই তপন কুমার বাকচী ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান এপিপি নুরুল ইসলাম।
