১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণ মামলা, নারীর এক বছরের জেল

মিথ্যা ধর্ষণ মামলায় এক ব্যক্তি প্রায় দুই মাস কারাভোগ করেন।

নেত্রকোণায় প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণ মামলা, নারীর এক বছরের জেল

নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 09:13 PM

Updated : 13 Oct 2026, 09:13 PM

প্রতিপক্ষতে ফাঁসাতে মিথ্যা ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে প্রায় দুই মাস কারাভোগে বাধ্য করায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে নেত্রকোণা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমদাদুল হক আসমির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নুরুল কবীর রুবেল।

দণ্ড পাওয়া লিপি আক্তার (৩৩) বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি নুরুল কবীর বলেন, উপজেলার বিক্রমশ্রী গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ সালে একই গ্রামের লিপি আক্তার ধর্ষণ মামলা করেন। ধর্ষণের কারণে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

পরে ওই মামলায় গ্রেপ্তার হয়ে কামাল উদ্দিন প্রায় দুই মাস কারাগারে ছিলেন। পরে লিপির সন্তান জন্ম নেওয়ার পর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় শিশুটির বাবা কামাল উদ্দিন নন বলে প্রমাণ পাওয়া যায়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে কামাল উদ্দিন মামলা থেকে খালাস পান বলে জানান পিপি নুরুল।

পরে কামাল উদ্দিন ২০২০ সালে মিথ্যা মামলা করার অভিযোগে নারী ও শিশু আইনের ১৭ ধারায় লিপিকে আসামি করে মামলা করেন।

বিচার শেষে আসামিকে এক বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি নুরুল কবীর।