জয়পুরহাটের পৃথক স্থানে বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পড়লেন ২ জন
নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জয়পুরহাটের পাঁচবিবি ও সদর উপজেলায় দুই বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা এবং সাড়ে ৯টায় জেলা শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন।
ওসি মুক্তার জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ সকাল ৯টার দিকে বাগজানায় পৌঁছায়। সেখানে ট্রেনটিতে কাটা পড়ে মারা যান এক বৃদ্ধ। আনুমানিক ৬০ বছর বয়সী এই বৃদ্ধের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
পরে ট্রেনটি সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তেঘর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় এক নারীকে ধাক্কা দেয়।
নিহত ৬৫ বছর বয়সী দুর্গা রানী জেলা শহরের নতুন হাটের চিত্রা পাড়া এলাকার বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মুক্তার।
