২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ‘অপহরণের’ অভিযোগ

অটোরিকশাটির চালক বলেন, বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্র তাক করে তাদেরকেও হুমকি দেওয়া হয়।

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ‘অপহরণের’ অভিযোগ
রুবেল হোসেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 10:38 AM

Updated : 26 Aug 2026, 11:41 AM

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রাম থেকে তাকে অপহরণ করার কথা পরিবারের বরাতে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার এসআই মো. কাউছার।

অপহরণের শিকার রুবেল হোসেন (৩২) দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম বটতলী গ্রামের মৃত মহিউদ্দিন ছেলে। তিনি পরিবহন ও মাটি ব্যবসায়ের সঙ্গে জড়িত আছেন। 

এসআই কাউছার বলেন, রুবেল রাত সাড়ে ৯টার দিকে মান্দারী বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। পথে মুখোশধারী দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রের মুখে তাকে নিয়ে গেছে। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। 

অটোরিকশাটির চালক মো. মিন্টু বলেন, রাতে আব্দুর ডিলারের বাড়ির পাশে পৌঁছালে মুখ বাঁধা চার-পাঁচ ব্যক্তি তার অটোরিকশাটি থামায়। এসময় অস্ত্র ঠেকিয়ে তারা রুবেলকে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও অস্ত্র তাক করে হুমকি দেওয়া হয়। 

রুবেলের ভগ্নিপতি ইউছুফ আমিন জানান, “ঘটনা শুনে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছি। ঘটনাটি থানা পুলিশ, সেনাবাহিনীকেও জানিয়েছি। কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি।” 

ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে জানিয়ে এসআই কাউছার বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।”