Published : 21 Mar 2026, 07:41 PM
ঈদের দিন সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঘটনাস্থল থেকে দেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তবে কেউ আটক হয়নি।
শনিবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইসমাইল মুন্সীর সঙ্গে চুন্নু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হন।

এ ঘটনার জেরে এদিন সকাল থেকে দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। ঈদের নামাজ শেষে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপক্ষের লোকজন ঢাল, সড়কি ও রামদাসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।