২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাজারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৬

গত ২৭ মে রাতে ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারের নৈশ প্রহরীদের বেঁধে মারধর করে জুয়েলারিসহ বেশকয়েকটি দোকানের বিপুল মালামাল লুট করে একদল ডাকাত।

ফরিদপুরে বাজারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৬

ফরিদপুরের একটি বাজারে নৈশপ্রহরীদের বেঁধে দোকান লুটের ঘটনায় এই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 11:25 PM

Updated : 12 Jul 2023, 11:25 PM

ফরিদপুর শহরের বাখুন্দা বাজারের নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ; উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামালও।

বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শরীয়তপুরের পালং থানার চরগাজীপুর এলাকার কাজল দেবনাথ (৪৭), একই জেলার গোসাইরহাট থানার রানীসার এলাকার শহিদ ওরফে আবুল (৩৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী (৭০), মুন্সিগঞ্জের লৌহজং থানার দক্ষিণ হলদিয়া এলাকার এমারত হোসেন (৪০), কুড়িগ্রামের খাউরার পাড় এলাকার সাইদুল সরকার (২৭) এবং ঢাকার দোহার থানার মেঘুলা এলাকার উজ্জল দাস (৩৮)।

এর আগে ডাকাতির সঙ্গে জড়িত আরও আটজন গ্রেপ্তার হয়েছেন।

গত ৩ জুলাই রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, গত রোববার যশোরের বেনাপোল থেকে প্রথমে কাজল দেবনাথকে গ্রেপ্তার করা হয়। পরেরদিন তাকে ফরিদপুরের আদালতে সোপর্দ করা হলে সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন তিনি।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আলাদা অভিযান চালিয়ে ঢাকার কদমতলী থেকে উজ্জল দাস এবং মুন্সিগঞ্জের শ্রীপুর থেকে শহিদ ওরফে আবুল, আনোয়ার হোসেন ও এমারত শেখ, সাইদুল সরকারকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে এমারত শেখ ও সাইদুলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও উজ্জল দাসের কাছ থেকে লুট হওয়া গয়নার মধ্যে ৮ আনা ওজনের গলানো স্বর্ণের বার এবং ২০ ভরি রূপা উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ওসি এম. এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ২৭ মে রাতে গভীর রাতে ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারের নৈশ প্রহরীদের বেঁধে মারধর করে জুয়েলারিসহ বেশকয়েকটি দোকানের বিপুল পরিমান মালামাল লুট করে একদল ডাকাত। পুলিশ জানিয়েছে, চারটি ডাকাতদলের ২০-২৫ জন সদস্য এতে অংশ নেয়।

ওই ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদি হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন।