গৃহকর্মীকে ঘরে রেখে বাইরে যান মালিক, ফিরে এসে পেলেন লাশ
এ সময় বাড়ির উঠানে বালুর স্তূপে পড়েছিল শিশুর নিথর দেহ।
খাগড়াছড়ি জেলা শহরের একটি বাসা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যার পর শহরের অপর্ণা চৌধুরী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান।
নিহত থৈঅং প্রু মারমা গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মারমার ছেলে। সে ওই বাড়ি গৃহকর্মী হিসেবে ছিল।
পুলিশ জানায়, বাড়ির মালিক মাসিনু মারমা বেলা সাড়ে ১১টার পর গৃহকর্মী থৈঅং প্রু মারমাকে ঘরে রেখে বাইরে যান। ঘণ্টাখানেক পরে ফিরে এসে গেইট খোলার জন্য ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গেইট খুলেন।
এ সময় বাড়ির উঠানে বালুর স্তূপে পড়েছিল শিশুর নিথর দেহ। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “আমরা শিশুটির মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করছি। কীভাবে শিশুটির মৃত্যু হল তা বুঝে উঠতে পারছি না। অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারাও বিশেষ কিছু জানাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছ।”
