নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় অটোরিকশা চালকের মৃত্যু
বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তার অটোরিকশাটি চাপা দেয়।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সেনবাগের কল্যাণদী ভূঁইয়া দিঘী এলাকার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন জানান।
নিহত মো. হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “হাকিম সকাল ৭টার দিকে তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য স্থানীয় ভূঁইয়ার দিঘী সিএনজি পাম্পের উদ্দেশ্যে রওনা দেন। পথে নোয়াখালী-ফেনী হাইওয়ের একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তার অটোরিকশাটি চাপা দেয়।
“এতে হাকিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি রুহুল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। একই সঙ্গে পিকআপ ভ্যানটিও সরিয়ে ফেলা হয়।”
