২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা নিহত

শহরের বঙ্গবন্ধু চত্বরে ছাত্র-জনতার সঙ্গে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে লাইভ করেন নাসির।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 11:43 AM

Updated : 26 Aug 2026, 11:45 AM

মানিকগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ লাইন্স সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এসএম আমানুল্লাহ জানিয়েছেন। 

বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ লাইন্স এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন নামের সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছে। 

নিহত নাসির হোসেন (৩২) দৌলতপুর উপজেলা বাচামারা এলাকার মৃত. মজিবর হোসেনের ছেলে। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি এবং পরিবারসহ জাগীর ইউনিয়নে থাকতেন। তার দুই বছরের একটি সন্তান রয়েছে। 

নাসিরের বন্ধু ফারুক বলেন, নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক অর্থসহ সম্পাদক। বৃহস্পতিবার অফিস শেষ করে নাসির শহরের বঙ্গবন্ধু চত্বরে ছাত্র-জনতার সঙ্গে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে লাইভ করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনার শিকার হন নাসির।

ওসি আমানুল্লাহ বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।” 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।