রাজবাড়ীতে খেলতে গিয়ে রান্নাঘরে আগুন, দুই শিশুর মৃত্যু
ম্যাচ লাইট দিয়ে রান্নাঘরে থাকা পাটকাঠিতে আগুন ধরিয়ে দেয় শিশুরা।
রাজবাড়ীর কালুখালী উপজেলায় খেলতে গিয়ে রান্নাঘরে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মাসুমুর রহমান।
নিহত দুই শিশু ওই গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজাইফা (০৯) এবং ইকরাম শেখের ছেলে হাসান শেখ (০৫)। সম্পর্কে শিশু দুইটি চাচা-ভাতিজা।
হুজাইফার দাদা মানিক বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসরের সময় আমি নামাজ পড়তে যাই। নামাজ শেষে চিৎকার চেঁচামেচির শব্দে বাড়িতে এসে দেখি রান্নাঘরে আগুন জ্বলছে। সে সময় আমরা ঘরের বেড়া ভেঙে দুই জনকে উদ্ধার করি।”
তিনি আরও বলেন, “বিকাল থেকে হুযাইফা, হাসানসহ চার শিশু বাড়িতে খেলা করছিলো। তারা রান্নাঘরে প্রবেশ করে খেলতে খেলতে ম্যাচ লাইট দিয়ে ঘরে থাকা পাটকাঠিতে আগুন ধরিয়ে দেয়।
“আগুন দেখে দুই শিশু ঘরের বাইরে চলে আসে। কিন্তু ভয়ে হুযাইফা আর হাসান দরজা আটকে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকে। “
ইউপি সদস্য মাসুমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রান্না ঘরের বেড়া ও দরজা ভেঙ্গে হুযাইফা ও হাসানকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করে। অপর শিশু হুযাইফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক। তবে ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মিলন হোসেন বলেন, আগুনে পুড়ে শিশু মৃত্যুর কোনো খবর তার জানা নেই।
কালুখালী থানার এসআই সুবোধ চন্দ্র বর্মণ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু কোনো অভিযোগ না থাকায় শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
