কুমিল্লায় মধ্যরাতে পুড়ল ১৮ দোকান
জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যবসায়ীদের মধ্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মধ্যরাতে এক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, বুধবার রাত ২টার দিকে উপজেলার কংশনগর বাজারে অগ্নিকাণ্ড ঘটে।
তিনি বলেন, কুমিল্লাসহ অন্যান্য উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে কাজ করেছে। পাঁচ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিউটন দাস বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। সবগুলো দোকান টিনের ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।
যদিও ক্ষতিগ্রস্ত দোকানিদের দাবি, আগুনে অন্তত ২০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
কংশনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “রাতে নৈশ প্রহরী ফোন করে জানান বাজারে আগুন লেগেছে। তা শুনে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসকে ফোন দেই। চোখের সামনে দোকানপাট পুড়তে দেখেছি।”
তিনি আরও বলেন, “এ অগ্নিকাণ্ডে ১৮ ব্যবসায় প্রতিষ্ঠানের মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিভাগই ছিল মুদির।
“কোরবানির ঈদকে সামনে রেখে দোকানিরা বেশি করে মালামাল তুলেছিলেন। এখন সব পুড়ে গেছে। বলতে গেলে ব্যবসায়ীরা এখন নিঃস্ব।”
ক্ষতিগ্রস্ত ইউসুফ স্টোরের স্বত্ত্বাধিকারী আবু ইউসুফ বলেন, “আগুনের ঘটনা শুনে বাজারে এসে দেখি আমার সব শেষ। আমি এখন কী করব! আমি এখন পথে নেমে এসেছি।”
সাদ্দাম ব্রয়লার হাউজের মালিক সাদ্দাম বলেন, “সাড়ে ৩০০ মুরগি পুড়ে গেছে। আমার মতো সবার অবস্থা। একটা খড়কুটোও নেই। সব পুড়ে গেছে।”
আগুন লাগার খবর পেয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বাজারটি পরিদর্শন করেছেন।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যবসায়ীদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন তিনি।
