শেখ হাসিনা জয় পেলেন টানা অষ্টমবার
শেখ হাসিনার ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম রোববার রাত সাড়ে ৮টায় এ ঘোষণা দেন।
শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।
সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ১০৮টি কেন্দ্রে ভোট দিয়েছেন। এ আসনের মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩০০ জন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে এ আসনে থেকে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হন। ১৯৮৬ সাল থেকে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে নির্বাচন করে শেখ হাসিনা এর আগে সাতবার সংসদ সদস্য নিরর্বাচিত হন।
