২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর

চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা প্রবাসীকে গুলি করে বলে জানিয়েছেন স্বজনরা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর

দক্ষিণ আফ্রিকায় নিহত সিরাজ বেপারী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 11:53 PM

Updated : 09 Dec 2023, 11:53 PM

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের ডাসার উপজেলার এক প্রবাসী নিহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের প্রতিবেশী ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সত্তার মাতুব্বর।

নিহত সিরাজ বেপারী (৪৫) উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে।

শনিবার সকালে মোবাইল ফোনে সিরাজের স্বজনদের কাছে নিহতের বিষয়টি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বোরহান মাতুব্বর নামের এক প্রবাসী বাংলাদেশি।

নিহতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে ফালবাং আলমাসদিরিবসি শহরে চিকিৎসকের কাছে যান সিরাজ। সেখান থেকে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চারটি গুলি করে।

এতে ঘটনাস্থলেই মারা যায় সিরাজ। পরে বারহান মাতুবর লাশ উদ্ধার করেন। বর্তমানে সিরাজের মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা হাসপাতালের হিমঘরে রাখা আছে।

নিহতের প্রতিবেশী শিক্ষক স্বপন কাজী জানিয়েছেন, শনিবার সকালে সিরাজে মৃত্যুর খবর আসলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ যাতে দ্রুত দেশে আনা যায় সে ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

এলাকাবাসীর মাধ্যমে প্রবাসী নিহতের খবর পাওয়ার কথা জানিয়ে ডাসার থানার ওসি কামাল হোসেন বলেন, এ বিষয়ে সহযোগিতার জন্য এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় আসেননি।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরাজ বলেন, নিহতের মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।