জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস আটকে রাখলেন ‘ছাত্রলীগ নেতা’
বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-নালিতাবাড়ী চলাচলকারী বাসটি ক্যাম্পাসে আটকে রাখা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে একটি বাস আটকে রাখার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে শেরপুরগামী এম. ডি সুপার নামের এই বাসটি ভাংচুর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ওইদিন থেকে বাসটি ক্যাম্পাসে আটকে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা ‘ছাত্রলীগের কয়েকজন ছোটভাই’ বাসটি ক্যাম্পাসে আটকে রেখেছে বললেও অভিযোগের মুখে থাকা সাবেক নেতা এর সঙ্গে জড়িত নন বলে জানান।
বাসটির মালিক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো কারণ ছাড়াই বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতর ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের বাসটি আটকে রেখেছে। বাসটি ভাঙচুরও করেছে তারা।"
আটকে থাকা বাস আনতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয় বলে জানান রফিক।
তার ভাষ্য, বাস আনতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, শেরপুরের মুরশিদুর রহমান আকন্দের (সাবেক জাবি ছাত্রলীগ নেতা) সঙ্গে কথা বলতে; তিনি (লিটন) বাস দিতে পারবেন না।
রফিক আরও বলেন, "মুরশিদ আমার পূর্ব পরিচিত, তার কাছে বাসের বিষয়ে বলার পর সে জানায়, ঢাকায় গিয়ে বিষয়টি দেখবে।"
এদিকে হাবিবুর রহমান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই মোটরসাইকেল দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ফটক থেকে বিশমাইল ফটকে যাচ্ছিল। পরে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়; অল্পের জন্য বেঁচে গেছে। ওই কারণে কয়েকজন বাসটাকে আটকে রেখেছে।
"এটার সাথে আমার সম্পর্ক কী? আমি তো বাস মালিক বা কাউকে চিনিই না। আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বাস আটকে রাখার কে?"
রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের পাশে রাঙামাটি এলাকায় এম ডি সুপার নামে একটি বাস রয়েছে; যার নম্বর- ঢাকা মেট্রো-ব (১৪-৯৩১৬)। বাসটির সামনের কাচ ও জানালা ভাঙা।
পরিবহন অফিস বাসটি সম্পর্কে জানে কিনা জিজ্ঞেস করলে পরিবহন অফিসের পরিচালক অধ্যাপক ছায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটি পরিবহন অফিসের সীমানার বাইরে রাখা। কে বা কারা রেখেছে আমরা কিছুই জানি না।"
এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক লিটন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, "একটা অভিযোগ পেয়েছি। অভিযোগে বলা হয়েছে, মোটরসাইকেলে যাওয়ার সময় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ রাজুকে একটি বাস ধাক্কা দিয়েছে। আজকে শুনেছি ক্যাম্পাসের ভিতরে একটি বাইরের বাস আছে, সম্ভবত ওই বাসটিই হবে।"
শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ রাজু বলেন, "গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাসটি আমার বাইকে ধাক্কা দেয়। আমার বাইকে বান্ধবী ছিল, তাকে গালিগালাজও করে সুপারভাইজার। পরে ওই রাতে ছাত্রলীগের কয়েকজন ছোট ভাই ওই বাসটিকে আটকায়। আমার বাইকের ক্ষতি হয়েছে, আমি প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছি।"
পরের দিন (বৃহস্পতিবার) যে বাসটি আটকানো হয়েছে সেটিই ওই বাস কি না জানতে চাইলে রাজু বলেন, "আগের দিন যখন বাস আমাকে ধাক্কা দেয় তখন আমি বাসের নম্বর দেখে রাখি। ওই নম্বর অনুযায়ী পরের দিন বাসটিকে আটকানো হয়।"
তবে মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন বাস মালিক রফিকুল ইসলাম।
তিনি বলেন, "যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমরা জরিমানা দেব। সত্যি বলতে তেমন কিছুই ঘটেনি। জাবি ছাত্রলীগের সাবেক নেতা মুরশিদের একটি বাস রাস্তায় চালানোর জন্য চেষ্টা করছে। কিন্তু শেরপুর বাস মালিক সমিতি অনুমতি দিচ্ছে না। মুরশিদ সেই জেরে জাবি ছাত্রলীগ দিয়ে আমাদের বাস ভাংচুর করে আটকে রেখেছে।"
বিষয়টি নিয়ে মুরশিদুর রহমান আকন্দের সঙ্গে কথা হলে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। স্থানীয় রাজনীতির বিরোধের কারণে তার বিরুদ্ধে এই ঘটনা সম্পৃক্ত করা হচ্ছে বলে তিনি মনে করেন।
মুরশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় আমি গত জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। তবে নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন। এ কারণে আমার বিরুদ্ধে বিদ্রোহী একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। ওই বাস ভাঙচুর বা আটকে রাখার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই।"
