ছাত্রলীগ কর্মীদের লাঠিপেটা: ১৩ পুলিশ সদস্যকে শাস্তির সুপারিশ
জাতীয় শোক দিবসে ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটা করেছিল পুলিশ
বরগুনায় জাতীয় শোক দিবসের দিন ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় করা তদন্ত কমিটি ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে।
পুলিশের বরিশাল রেঞ্জের উপ-মহাব্যবস্থাপক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনা গঠিত তদন্ত কমিটি রোববার সন্ধ্যায় প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটি ১৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
ওই সুপারিশ নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদরদপ্তরসহ সংশ্লিষ্ট সবার কাছে ডাকযোগে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে ডিআইজি আরও বলেন, যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন পরিদর্শক, তিনজন এসআই, চারজন এএসআই ও চারজন নায়েক/কনস্টেবল রয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও নতুন কমিটির নেতাদের সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভেঙে যাওয়া গ্লাসের ক্ষতিপূরণ ও অপরাধীর বিচারের কথা জানান। তবে তার উপস্থিতিতেই পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটা করে।
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরদিন ১৬ অগাস্ট অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রথমে বরিশাল রেঞ্চে এবং পরে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়। পরদিন ১৭ অগাস্ট আরও পাঁচজন পুলিশ সদস্যকে বরগুনা থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ছাড়া ঘটনার পর পরই পুলিশের বরিশাল রেঞ্জ কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়। এর প্রধান ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান। অন্য সদস্যরা হলেন- বরগুনার পাথরঘাটা-বামনার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফায়েল হোসেন এবং পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।
তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে ডিআইজি এস এম আক্তারুজ্জামান আরও বলেন, “অতিরিক্তি পুলিশ সুপারের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।”
“তদন্ত কমিটি এই ১৩ জনের বিরুদ্ধে ঘটনার দিন চাকরি বিধিমালা বহির্ভূত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পেয়েছে। যার মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে কম-বেশি শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এরপর থেকেই ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।
আরও পড়ুন:
