হত্যাকারীরা যেন রাজনীতিতে ভূমিকা নিতে না পারে: বদিউল আলম
নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে ১৫০টির মত সংস্কার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান।
জুলাই আন্দোলনে হত্যাকারীরা যেন রাজনীতিতে ভূমিকা নিতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সুপারিশ করার কথা বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, “জুলাই গণ-আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের কথা মাথায় রেখেই একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সুপারিশ করেছি। স্বৈরাচার ও ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে তার জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে।”
শনিবার দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ‘এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।
রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার আহ্বান জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, “যারা মানুষ খুন করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে, বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতন করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। রাজনীতিতে তারা যেন কোনো ভূমিকা রাখতে না পারে।”
‘এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন’ বিষয়ক সেমিনারের কার্যপত্র উপস্থাপন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে ১৫০টির মত সংস্কার সুপারিশ করা হয়েছে জানিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, “গত তিনটি নির্বাচনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছি।
“এ ছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।”
সেমিনারে হাই কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কারিগরি মতামত প্রদান করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
সেমিনারে আধুনিক কুমিল্লা সিটি করপোরেশন এবং জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়।
