২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ৭ নেতাকর্মী কারাগারে

বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাদের গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 07:53 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ময়মনসিংহ নগরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার রাতে নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান।

গ্রেপ্তাররা হলেন- নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া এবং মো. আনিস।

১৯ জুলাই নগরের নতুন বাজারে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন।

বুধবার বিকালে গ্রেপ্তারদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি শফিকুল ইসলাম।