২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে টমটম উল্টে চালক নিহত, শঙ্কায় ৩ জন

গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 10:44 PM

Updated : 16 Apr 2023, 10:44 PM

পিরোজপুরে রডবোঝাই একটি টমটম রাস্তার পাশে উল্টে চালক নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

রোববার দুপুরে পিরোজপুর-বরিশাল বঙ্গমাতা সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান। 

নিহত জাহিদুল ইসলাম জাহিদ (৩০) পিরোজপুর সদর উপজেলার  দক্ষিণ রানীপুরের সিরাজুল ইসলামের ছেলে।

আহত তিনজন হলেন টমটমের যাত্রী সজিব মাঝি, গৌরভ দাস ও লিটন খাঁ। তাদের সবার বাড়ি পিরোজপুর সদরের দক্ষিণ রানীপুর এলাকায়।

তাদের পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আজমীর খান জানান, কাউখালী থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি টমটম পিরোজপুরের দিকে আসছিল। বঙ্গমাতা সেতু পার হয়ে সেতু সংযোগ সড়কে দ্রুতগতির এ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে টমটমের চালক জাহিদ মারা যান। স্থানীয়রা টমটমের তিন যাত্রীকে ‘গুরুতর’ আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার এবং টমটমটি জব্ধ করেছে; এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান।

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রমজান আলী জানান, আহত তিনজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।