১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গণঅভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে: জেএসডি সাধারণ সম্পাদক

“২৪ এর গণঅভ্যুত্থানে ফলাফল কোনো রাজনৈতিক দল চুরি করে নিয়ে যাবে বাংলাদেশের ছাত্র-জনতা এটা কোনদিন হতে দিবে না।”

গণঅভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে: জেএসডি সাধারণ সম্পাদক
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেএসডির সভায় বক্তৃতা করেন দলটির সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন মাহমুদ স্বপন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 05:08 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

২০২৪ এ ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন মাহমুদ স্বপন। 

শনিবার রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেএসডির নবগঠিত কমিটির পরিচতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “গত ৫৪ বছরে যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা অতীতের প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামের ফলাফলকে, প্রত্যেকটি রক্তের ফলাফলকে, প্রত্যেকটি আত্মত্যাগের ফলাফলকে চুরি করেছে, হাইজ্যাক করেছে, নির্বাসনে পাঠিয়ে দিয়েছে।”

জেএসডির সাধারণ সম্পাদক বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানে ফলাফল কোনো রাজনৈতিক দল চুরি করে নিয়ে যাবে বাংলাদেশের ছাত্র-জনতা এটা কোনদিন হতে দিবে না।”

অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, “এই সরকার সংস্কার ছাড়া নির্বাচনের পথে চললেই ঠিক, একথা যেমন ঠিক নয়। আবার এই সরকার শুধু সংস্কারই করবে, নির্বাচনের পথে হাঁটবে না এটাও ঠিক নয়।”

বিষয়টা কিন্তু মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মত নয় উল্লেখ করে তিনি বলেন, “যেটুকু সংস্কার দরকার সেগুলো করতে হবে। কারণ এই ছাত্র জনতার আন্দোলনের যে নতুন আকাঙ্ক্ষা, যে নতুন দাবি, যে নতুন বক্তব্য জাতির সামনে আজকে তৈরি হয়েছে এই সুযোগ অতীতে তৈরি হয়নি।” 

সভায় জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, “গত ১৭ বছরে নির্বাচনের নামে এমন নোংরামি হয়েছে যে, নির্বাচন কমিশন তার জায়গায় নাই। এই জায়গাগুলো ঠিক না করে যদি কোনোভাবে একটি নির্বাচন হয়, কোনো একটি দল অথবা যারা নির্বাচন নিয়ে বেশি বাড়াবাড়ি করছে তারা কি ভুলে গেছে ৫ অগাস্ট কিভাবে একটি ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে।

“সুতরাং এখন অন্তর্বর্তীকালীন সরকার যে ইচ্ছা পোষণ করছে, যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্য দিয়ে একটি যুগান্তকারী না হোক অনেকটুকু পথ যদি তারা এগিয়ে যায়, তারপর এ জাতি তার পথ চলতে পারবে।”

জেলা জেএসডি সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।