২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, সংঘর্ষ

“ঈদের দিনও মোবাইল হাতে নিয়া বইসা ছিলাম বেতন ঢুকবো এই আশায়৷ প্রতিমাসেই বেতনের লাইগা রাস্তায় নামতে হইতেছে৷”

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, সংঘর্ষ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কে অবোরধ করা অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 01:18 PM

Updated : 21 Apr 2024, 02:17 PM

রায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে৷ 

রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয় বলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন জানান৷

এর আগে মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল সাড়ে ৯টায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ক্রোনী গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানাটির কয়েকশ’ শ্রমিক৷

পরে বেলা ১২টার দিকে কারখানাটি দু’দিনের ছুটি ঘোষণা করে  কর্তৃপক্ষ নোটিশ সাঁটিয়ে দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা৷ পরে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে লাঠিচার্জ করলে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা৷

এ সময় পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়তে দেখা যায়৷ বেলা ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল৷

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঈদের আগে গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়৷ তখন শ্রমিকরা ঈদের বোনাস পেলেও মার্চ মাসের বেতন বকেয়া ছিল৷

কারখানার মালিক ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মার্চ মাসের বেতন পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও তা দেননি৷ এতে ঈদের মধ্যে অর্থ সংকটে দিন কাটিয়েছেন বলে জানান শ্রমিকরা৷

কারখানাটির শ্রমিক সাইফুল ইসলাম বলেন, “আমাদের দিন খুব কষ্টে যাচ্ছে৷ ঈদে দেশে (গ্রামের বাড়ি) যেতে পারিনি৷ বউ-বাচ্চাসহ শহরে ভাড়া বাসায়ই থাকছি৷

“বাসা ভাড়াও দিতে পারি নাই৷ এখন তো দুই মাস ভাড়া বাইজা গ্যাছে৷ মার্চের বেতন পাই নাই, এপ্রিলও শ্যাষের দিকে৷ এখন কোন মাস রাইখা কোন মাসের বেতন দিবো বুঝতেছি না৷”

গত ৮ মাস যাবৎ বেতন নিয়ে কারখানার মালিকপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করে কারখানাটির আরেক শ্রমিক মো. আলম বলেন, “ঈদের দিনও মোবাইল হাতে নিয়া বইসা ছিলাম বেতন ঢুকবো এই আশায়৷ প্রতিমাসেই বেতনের লাইগা রাস্তায় নামতে হইতেছে৷ সামনে কোরবানির ঈদ, ওই ঈদেও আমাগো লগে এমন হইবো৷”

সুমি নামে এক নারী শ্রমিক বলেন, "আমাগো আর ঈদ আনন্দ নাই৷ রোজার মইধ্যে ডাবল ডিউটি কইরাও বিল পাই নাই৷ এমনকি রোজার ডিউটির সময় ইফতারের খরচটাও দেয় নাই৷ নিজের কষ্টের টাকা পাইতে এখন রইদের মইধ্যে রাস্তায় নামছি৷ এর চেয়ে কষ্টের আর কী আছে!”

তবে, যোগাযোগ করা হলে কারখানাটির মালিক প্রতিষ্ঠান ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি বুধবার শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে জানান৷

তিনি বলেন, “ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি৷ আমরা আগামী বুধবারের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেবো৷”

এদিকে, শ্রমিকদের বিক্ষোভের মধ্যে বেলা ১২টার দিকে মালিকপক্ষ কারখানার প্রধান গেটে সোমবার ও মঙ্গলবার দু’দিন কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়৷

ওই নোটিশে বলা হয়, গত ২০ ও ২১ এপ্রিল কারখানার শ্রমিকরা ‘বেআইনিভাবে ধর্মঘট ও বিশৃঙ্খলা’ সৃষ্টি করে কর্মবিরতি পালন করছেন৷ এমন পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ২২ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হল৷ 

বুধবার কারখানা খুলবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে৷

এর আগে বেলা ১২টার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন জানিয়েছিলেন, তিনি জানান, কয়েকশ শ্রমিক ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কে বৈদ্যুতিক খুঁটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করছেন৷ এতে সড়কটিকে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারিও অবন্তী কালার টেক্স লিমিটেড নামের এই কারখানাটির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ করেছিলেন৷

এ এইচ আসলাম সানির মালিকানাধীন রপ্তানিমুখী এ পোশাক কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত সাত হাজার শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ৷ 

পুরানো সংবাদ

পুরনো খবর:

নারায়ণগঞ্জে কারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ