১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট আংশিক বন্ধ

এর ফলে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2024, 08:04 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

ঝড়ের কারণে পানি সরবরাহের পাইপলাইনে ময়লা ও কচুরিপানা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ রয়েছে। 

শুক্রবার রাতে ঝড়ের সময় মেঘনা নদী থেকে পানি সরবরাহের ওই পাইপ দিয়ে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এতে করে প্ল্যান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়।

ফলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়। 

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ বলেন, “দুটি ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। কিন্তু গত রাতের ঝড়ে পানির পাইপে ময়লা ও কচুরিপানা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই দুটি ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।”

শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎপাদন বন্ধ ছিল। এর ফলে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। 

সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানান প্রকৌশলী আব্দুল মজিদ।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের মোট ছয়টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে দুটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইনে দিয়ে পানি আনতে হয়।