বিরলে ভোটের গোলযোগে পুলিশের গুলি, নিহত ১
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দিনাজপুরে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের ভোটের ফল ঘোষণা নিয়ে গোলযোগের মধ্যে পুলিশের গুলিতে এক ব্যক্তি মারা গেছেন।
রোববার সন্ধ্যার পর সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় ভোটে কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, আজিমপুর ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়। এতে সদস্য প্রার্থী সাইফুল ইসলাম ২০ ভোটে হেরে যান। ফল শুনে তার সমর্থকরা বিজয়ী জোবাইদুরের সমর্থক ও নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
পুলিশ সুপার ইফতেখার বলেন, “তারা পুলিশের ওপর বৃষ্টির মতো ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ জানমাল রক্ষায় প্রায় ৭০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মোহাম্মদ আলী নামে ৭০ বছরের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
