ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বন্ধ ৫ ঘণ্টা, ভোগান্তি
সোমবারও ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ ছিল এই নৌরুট। একই কারণে গত ১৪ ও ১৮ ডিসেম্বর পাঁচ ঘণ্টা করে বন্ধ ছিল ফেরি চলাচল।
ঘন কুয়াশার কারণে গত কিছুদিন ধরে প্রায়ই ফেরি চলাচল ব্যহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। বুধবারও এই নৌ-পথে ফেরি চলাচল বন্ধ ছিল ৫ ঘণ্টা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাঁচ ঘণ্টা পর বেলা ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত ছোট বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকালে ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কুয়াশার চাদরে ঢাকা রয়েছে ফেরি ঘাট এলাকা। কুয়াশার ঘনত্ব এতো বেশি যে পঞ্চাশ ফুট দূরের বেশি দেখা যাচ্ছে না। ঘাটগুলোতে দাঁড়িয়ে রয়েছে ফেরি গুলো। ঘাটের এ্যাপ্রোচ সড়কে রয়েছে বিভিন্ন যানবাহন।
তীব্র শীতের মধ্যে যাত্রীরা কেউ বাসে বসে আছেন, কেউবা গা গরম রাখতে দোকানে গিয়ে চা পান করছেন, কেউবা পল্টুনের ওপরে হাঁটাহাটি করছেন।
সকাল সাড়ে নয়টার দিকে রাবেয়া পরিবহনের যাত্রী রবিউল ইসলাম বলেন, “জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে। ভোরে রাজবাড়ী থেকে রওনা দিয়েছি। ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখনো ফেরি চালু হয় নাই। কখন চালু হবে সেটাও বুঝতেছি না।”
আরেক যাত্রী তানিয়া আক্তার বলেন, “সকাল সাতটা থেকে ঘাটে এসে বসে আছি। সকাল থেকে অফিসে যোগদানের কথা কিন্তু কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় সকাল সাড়ে নয়টাও ঘাটেও বসে আছি।”
ঝিনাইদহ থেকে আসা ট্রাক চালক মোস্তফা মোল্লা বলেন, “অল্পের জন্য আটকে গেছি। ঘাটে এসেছি ফেরি বন্ধের আগে। কিন্তু যানবাহনের চাপ না থাকায় ফেরি ছাড়ছিলো না। যানবাহনে ফেরি ভরতে ভরতে কুয়াশায়ও চারপাশ অন্ধকার হয়ে গেলো। এখন অপেক্ষায় আছি।”
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঝ রাতের পর থেকে কুয়াশা বাড়তে থাকে। ভোর ছয়টা থেকে কুয়াশায় নদী পথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ফলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
“এতে মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।”
এর আগে সোমবারও ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ ছিলো এই নৌরুট। এ ছাড়া, একই কারণে গত ১৪ ও ১৮ ডিসেম্বর পাঁচ ঘণ্টা করে ফেরি চলাচল বন্ধ ছিলো পদ্মা সেতু চালুর আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশপথ হিসেবে থাকা এই নৌপথে।
আরও পড়ুন
