পাঁচ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
পরে বুধবার সকাল পৌনে ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ ।
খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাজবাড়ীর দৌলতদিয়া- মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যেবর্তী নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার ঘনত্ব কমলে সকাল পৌনে ৮টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে কয়েকটি ফেরি ছেড়ে আসে। কিন্তু মাঝ নদীতে পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে সেগুলো আটকা পড়ে। পরে সকাল নয়টা থেকে কুয়াশা কেটে যাওয়ায় এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
