সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস পাটকেলঘাটার দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
সাতক্ষীরায় তালা উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৩০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ওসি মাহবুবুর রহমান।
নিহত ২৮ বছর বয়সী মাহমুদুল ইসলাম তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আবু জাফরের পুত্র। তিনি পেশায় মোটরসাইকেল চালক।
আহত মো. সিফা পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজীর ছেলে।
ওসি মাহাবুব জানান, সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস পাটকেলঘাটার দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাহমুদুলের মৃত্যু হয়। গুরুতর আহত হন যাত্রী সিফা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলেও জানান ওসি।
