১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে এমপি হেনরির বাসায় অগ্নিসংযোগ, ২ মরদেহ উদ্ধার

সংসদ সদস্য বলেন, “ধারণা করছি, সংঘর্ষের সময় ভয়ে হয়তো দুজন এসে বাইরের বাথরুমে আশ্রয় নিয়েছিল।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 02:42 AM

Updated : 26 Aug 2026, 10:10 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের মধ্যে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ করা হয়। পরে সেই বাসা থেকে দুজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার রাতে শহরের মুজিব সড়কের বাসার বাথরুম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সংসদ সদস্য হেনরি। 

তিনি বলেন, “ধারণা করছি, সংঘর্ষের সময় ভয়ে হয়তো দুজন এসে বাইরের বাথরুমে আশ্রয় নিয়েছিল। পরে আন্দোলনকারীদের দেওয়া আগুনে তারা মারা গেছেন। 

“এদের একজন শহরের জানপুর মহল্লার ছাত্রলীগ কর্মী শাহিন বলে আমরা নিশ্চিত হয়েছি। অপরজন পেশায় অটোরিকশা চালক। তার বাড়ি রতনকান্দিতে বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। দেহাবশেষ ঘটনাস্থলেই রয়েছে। আমরা অন্য জায়গায় আছি।” 

রাত ১১টায় তিনি বলেন, “দুপুরের দিকে জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ আন্দোলনকারীরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ঘটনার পর থেকে বাড়িতে আগুন জ্বলতে থাকে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।”

হামলায় বাড়ির গ্যারেজ ও বাইরের গ্যারেজে রাখা জাতীয় সংসদ সদস্যের সিলযুক্ত গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানান সংসদ সদস্য। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান বলেন, “পরিস্থিতির ভয়াবহতা এবং নিরাপত্তার অভাবের কারণে ঘটনার সময় আমরা আগুন নেভাতে বাসায় যেতে পারিনি। রাত ১০টার দিকে বাড়িতে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পুরো বাড়ি পুড়ে গেছে। কোনো কিছু অবশিষ্ট নেই।”