টাঙ্গাইলে ট্রাক চাপায় প্রাণ গেল কলেজ ছাত্রীর
কলেজ থেকে বাড়ি ফেরার পথে মালবাহী ট্রাক পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দিলে মনিরা সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয় বলে জানায় পুলিশ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইক চালক।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ধলাপাড়া সড়কের কুশারিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান।
নিহত ১৮ বছর বয়সি মনিরা উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের আবদুল মান্নানের মেয়ে। তিনি ধলাপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তবে তাৎক্ষণিক ইজিবাইক চালকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি লোকমান জানান, মনিরা এইচএসসির ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিতে ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে যান। সেখান থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি।
পথে মালবাহী একটি ট্রাক পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মনিরা সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি লোকমান আরও বলেন, ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
