‘মরা মুরগি কিনে মাগুরার হোটেলে-হোটেলে দিতেন ব্যবসায়ী’
মোট ৫০০ মরা মুরগি জব্দ করা হয়েছে; যার ওজন প্রায় ৪০০ কেজি।
মাগুরা শহরের এক পোলট্রি ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ৫০০ মরা মুরগি জব্দ করা হয়েছে। অভিযোগ উঠেছে, এসব মুরগি শহরের হোটেলে-হোটেলে সরবরাহ করতেন তিনি।
বুধবার সকালে শহরের পুরাতন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকান থেকে এসব মরা মুরগি উদ্ধার করা বলে মাগুরা পৌরসভার কসাইখানার পরিদর্শক রিয়াজ খান জানান।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে রফিকুল পালিয়ে যান। তবে তার ছেলে মো. রেজাউল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
মাগুরা পৌরসভার স্যানিটারি পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, “পৌরসভার পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি। বেশ কিছু দিন ধরে রফিকুল ইসলাম নামে এক মুরগি ব্যবসায়ী জেলার বাইরে থেকে মরা মুরগি কিনে এনে বিভিন্ন হোটেলে বিক্রি করে আসছিলেন।
“এমন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালালে আজ ঘটনার সত্যতা মেলে। তিনি মুরগিগুলো সরবরাহের জন্য প্রস্তুত করছিলেন। এ সময় আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের ম্যাজিস্ট্রেটকে খবর দেই। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার আগেই ব্যবসায়ী পালিয়ে যান। তবে তার ছেলেকে আটক করা হয়েছে।“
জেলা প্রশাসন কার্যালয়ের ম্যাজিস্ট্রেট অভিদাস শিকদার বলেন, “৪০০ কেজির বেশি মরা মুরগি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইন ব্যবস্থা নেওয়া হবে।”
