১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্বাচলের লেকে ভাসছিল কিশোরীর মরদেহ

নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ সোমবার রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পূর্বাচলের লেকে ভাসছিল কিশোরীর মরদেহ
নারায়ণগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী৷

নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৭ বছর। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি৷

ওসি লিয়াকত বলেন, সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা৷ পরে তারা পুলিশে খবর দেন৷

 “প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ মরদেহের অবস্থা দেখে সোমবার রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি৷ মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন৷”

এছাড়া লেকের পাশে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি৷

দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথাও জানান এ পুলিশ কর্মকর্তা৷ 

এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাতখণ্ড মরদেহ উদ্ধার করেছিল পুলিশ৷