১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় পাটকল জ্বলছে, নিয়ন্ত্রণে নেমেছে নৌবাহিনীও

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাশাপাশি  নৌবাহিনীর ফায়ার ইউনিটও যুক্ত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2024, 11:08 PM

Updated : 03 Apr 2024, 11:16 PM

খুলনার রূপসায় সালাম জুটমিলের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর ফায়ার ইউনিটও কাজ করছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তাসংলগ্ন সালাম জুট মিলে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

বাইরে থেকে আগুনের কুণ্ডুলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। এ সময় কর্মরত শ্রমিকরা ভয়ে পাটকলের গুদাম থেকে বেরিয়ে আসেন।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, খবর পেয়ে বিকালে প্রথমে রূপসা ও পরে টুটপাড়া ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন ছড়িয়ে পড়লে খুলনার বিভিন্ন স্টেশন থেকে আরও ১২টি ইউনিট যোগ দেয়। এছাড়া নৌবাহিনীর ফায়ার ইউনিটও যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

এদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পাটকলটির ব্যবস্থাপক বশির আহম্মেদ জানান, পাটকলের পাশেই ৩ নম্বর গুদামের একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এরপর অল্প সময়ের মধ্যে ১ ও ২ নম্বর গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এ সালাম সাংবাদিকদের জানান, তিনটি গুদামে ৭৫০ টন উৎপাদিত পণ্য ছিল, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ১ হাজার ৩০০ টন কাঁচাপাট ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। এছাড়া যন্ত্রপাতিসহ আরও অনেক পণ্য গুদামে ছিল বলে তিনি জানান।

তার দাবি, আগুনে সবমিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

পুরানো খবর:

খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট