২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী-২: পথসভায় টাকা বিতরণ করা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

২৫ ডিসেম্বর ভোটারদের টাকা বিতরণের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরদিন তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

ফেনী-২: পথসভায় টাকা বিতরণ করা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গত ২৫ ডিসেম্বর নৌকার পথসভা শেষে ভোটারদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 01:41 PM

Updated : 06 Jan 2024, 01:41 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে নৌকার সমর্থনে পথসভায় নারীদের টাকা ও খাবার প্যাকেট বিতরণ করার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

অভিযোগ ওঠা জানে আলম ভূঁঞা ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ জাহানপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ ডিসেম্বর ফেনী-২ আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ওই এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনি চলে যাওয়ার পর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারীদের হাতে টাকা ও অন্যান্য লোকজনের হাতে প্রার্থীর ছবি সংবলিত খাবারের প্যাকেট বিতরণ করেন জানে আলম ভূঁঞা।

যার মাধ্যমে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৭৫ এর বিধি এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ঙ) এর বিধান লঙ্ঘন করেছেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মামলাটি দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

এর আগে গত ২৫ ডিসেম্বর ভোটারদের টাকা বিতরণের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরদিন তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুসন্ধান কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা পায়।

এর ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁঞার বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মামলার নির্দেশ দেওয়া হয়।