সিলেটে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে যুবক খুন
হামলায় নিহতের বড় ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
মামলার হাজিরা দিতে যাওয়ার পথে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানান।
নিহত জুনায়েদুল ইসলাম (২৮) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। আহতের নাম জাহেদুল ইসলাম (৩৩)।
পরিবারের বরাতে ওসি আতাউর রহমান বলেন, “সকালে অটোরিকশা করে জুনায়েদুল ও জাহেদুল মামলার হাজিরা দিতে সিলেটের আদালতে যাচ্ছিলেন। পথে ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাদের অটোরিকশা থেকে নামিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
“এতে ঘটনাস্থলে জুনায়েদুল মারা যান। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জাহেদুলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
বালাগঞ্জ থানার ওসি মো. বদিউজ্জামান বলেন, “দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বছর খানেক আগে জুনায়েদুলের লোকজন প্রতিপক্ষ একজনের পা কেটে নিয়েছিল।
“সেই ঘটনার মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু। তিনি বলেন, “হতাহত ও হামলাকারীদের বাড়ি বালাগঞ্জ উপজেলায়। দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। অতীতে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।”
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে; মামলার প্রস্তুতিও চলছে বলে জানান ওসি আতাউর রহমান।
