সুনামগঞ্জের হাওর-নদীতে পানি বাড়ছে, স্বস্তিতে এলাকাবাসী
এক দিনে লাউড়েরগড় পয়েন্টে ১২৭ মিলিমিটার, ছাতকে ১৭২ মিলিমিটার, সুনামগঞ্জে ১৯৪ মিলিমিটার এবং দিরাইয়ে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দীর্ঘ দাবদাহের কারণে পানির অভাবে ভুগতে থাকা সুনামগঞ্জের হাওর-নদীগুলোয় প্রাণ ফিরেছে। আষাঢ়ের প্রথম দিন ভারি বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বাড়তে শুরু করে।
এসব নদীর পানি বিভিন্ন পথে হাওরে ঢুকতে শুরু করায় স্বস্তি এসেছে হাওরবাসীর মনে। এই পানি মাছের ডিম ছাড়ার জন্য উপকারী হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এখনও সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে ভারি বৃষ্টির কারণে আগামী ৭২ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ এই অঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ছাতকে সুরমা নদীর পানি ৭ দশমিক ১১ সেন্টিমিটার, সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৬ দশমিক ৯ এবং যাদুকাটার পানি ৬ দশমিক ৩৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।
সকালে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় লাউড়েরগড় পয়েন্টে ১২৭ মিলিমিটার, ছাতকে ১৭২ মিলিমিটার, সুনামগঞ্জে ১৯৪ মিলিমিটার এবং দিরাইয়ে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘণ্টায় সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হবে; যার কারণে সুরমা, কুশিয়ারা ও যাদুকাটা নদীর পানি বাড়বে।
সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেনরায় বৃহস্পতিবার বলেন, “গতকাল থেকে পানি বাড়ছে, এতে হাওরবাসী খুশি। অন্যান্য বছর বৈশাখ থেকেই বৃষ্টি হতো, কিন্তু এবার তা হয়নি। ফলে হাওর ও নদী অনেকটাই পানিশূন্য হয়ে পড়েছিল। এখন বৃষ্টির কারণে ও উজানের ঢলে পানি বাড়ায় জনজীবনে স্বস্তি এসেছে।
“বিশেষ করে মাছের ডিম ছাড়ার সময় দুই মাস পেরিয়ে যাওয়ার পরেও পানির প্রবাহ ঠিক না হওয়ায় মাছ উৎপাদন নিয়ে শঙ্কা ছিল। এখন পানি আসায় মাছ ডিম ছাড়তে পারবে।”
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা বলেন, “বর্ষা শুরু হতেই সুনামগঞ্জে বৃষ্টি শুরু হয়েছে, উজানেও বৃষ্টিপাত হচ্ছে। ফলে আমাদের সীমান্ত সংলগ্ন নদ-নদীগুলোয় পানি বাড়ছে। এই পানি সীমান্ত এলাকার হাওরগুলোর ফসল রক্ষা বাঁধের ক্লোজার দিয়ে হাওরে প্রবেশ করছে।”
গবেষক ও পরিবেশবাদীরা বলছেন, গোটা হাওরের জীব-বৈচিত্র্য নির্ভর করে যে বর্ষার পানির উপর, সেই পানিরই দেখা না মেলায় বদলে যাচ্ছে হাওরের বাস্তুতন্ত্র। আবার পানি না আসায় মন্দায় হাওরনির্ভর পর্যটনও।
ফলে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত ও ক্লোজার দিয়ে পানি প্রবেশ হাওরবাসীকে স্বস্তি দিয়েছে।
আরো পড়ুন:
