২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু জ্ঞান অর্জন নয়, প্রয়োগের দক্ষতাও থাকতে হবে: শিক্ষামন্ত্রী

কুমিল্লা ও চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রবাসীদের সংখ্যার অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 07:51 PM

Updated : 15 Jul 2023, 07:51 PM

শুধু জ্ঞান অর্জন নয়, প্রয়োগের দক্ষতাও থাকতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেছেন, “কিছু কাজ আছে যন্ত্রপাতি দিয়ে করতে হয়। আবার আইটি সেক্টর, সেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। আর সেই দক্ষতা অর্জন করতে পারলে আয়-রোজগার বাড়বে, আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাবে ও দেশ উন্নত হবে।”

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে হচ্ছে, আপনারা যেন দক্ষ কর্মী হয়ে বিদেশ যেতে পারেন।”

কুমিল্লা ও চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “প্রবাসীদের সংখ্যার অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। তবে প্রবাসীদের আয়ের হিসাবে এ জেলার অবস্থান পঞ্চম। অর্থাৎ চাঁদপুর থেকে যারা যাচ্ছেন, অন্য জেলার প্রবাসীদের তুলনায় তারা একটু বেশিই আয় করছেন।”

যেখান থেকে বেশি লোক বিদেশে যায়, সেখানেই দক্ষ লোক তৈরি করা প্রয়োজন দাবি করে দীপু মনি বলেন, “গত বছর চাঁদপুর জেলা থেকে ৪৫ হাজার লোক বিদেশে গিয়েছে। আমি চাইবো, এ বছর এক লাখ লোক যাক। তবে তারা যেন প্রশিক্ষিত এবং দক্ষ হয়।

“দক্ষতা হচ্ছে- ‘আমি যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে পারি, সেটি।”

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, মন্ত্রণালয়টির সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ উপস্থিত ছিলেন।