টাঙ্গাইলে ৩ বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুজনের
গারোবাজার এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী অপর বন্ধু।
রোববার দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান।
নিহতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং মো. রমজান আলীর ছেলে মো. হাবিব (১৬)। এ সময় আহত হয়েছেন মো. সাদিক (১৬)।
ওসি জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পথে গারোবাজার এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সাদিককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
