২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর কারাগারের দরপত্রে অনিয়মের অভিযোগ

পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পর দরপত্রের বাক্স খোলা হয় বলে অভিযোপত্রে উল্লেখ করা হয়েছে।

জামালপুর কারাগারের দরপত্রে অনিয়মের অভিযোগ

জামালপুর জেলা কারাগার।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2023, 06:06 PM

Updated : 26 May 2023, 06:06 PM

জামালপুর জেলা কারাগারের পুরাতন স্থাপনা অপসারণের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।

গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলী অনিয়মের সঙ্গে জড়িত উল্লেখ করে জামালপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে তিন ঠিকাদারি প্রতিষ্ঠান।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে ওই প্রকৌশলী দাবি করেছেন, নিয়ম অনুযায়ী দরপত্র খোলা হয়েছে।

লিখিত অভিযোগকারী প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স অর্নব এন্টারপ্রাইজ, মেসার্স ফেরদৌস এন্টারপ্রাইজ ও মেসার্স সোলায়মান ভাঙ্গারী।

অভিযোগে বলা হয়, জামালপুর জেলা কারাগারের ৩৯টি পুরাতন স্থাপনা অপসারণের জন্য দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। গত ২৪ মে জামালপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত বাক্সে দরপত্র দাখিলের সময় দেওয়া হয়েছিল। একইদিন দুপুর সাড়ে ১২টায় সব ঠিকাদারের সামনে দরপত্রের বাক্স উন্মুক্ত করার কথা থাকলেও তা খোলা হয় দুপুর ১টায়।

এর আগে ঠিকাদারদের দ্বিতীয় তলায় নির্বাহী প্রকৌশলীর কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে ঠিকাদারদের ভেতরে ডাকা হলে, তারা দরপত্র বাক্স সিলগালাবিহীন দেখতে পান।

বিষয়টি রহস্যজনক বলে মনে করেন দরপত্রে অংশ নেওয়া ঠিকাদাররা।

দরপত্রের শর্ত ঠিকাদাররা মনে করিয়ে দিলে নির্বাহী প্রকৌশলী বলেন, “শর্ত তেমন কোনো বিষয় না। সর্বোচ্চ দরদাতা বাংলাদেশের নাগরিক হলেই চলবে, অন্য কিছুর প্রয়োজন নেই।”

তবে অভিযোগকারী ঠিকাদারদের দাবি, নির্বাহী প্রকৌশলী তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে অনিয়ম করেছেন; যার কারণে নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পর দরপত্রের বাক্সটি উন্মুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

ওই প্রকৌশলীর অনিয়মের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান অভিযোগকারী ঠিকাদাররা।

এ ব্যাপারে জামালপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, “অন্যায়ভাবে কোনো কিছু করা হয়নি। নিয়ম অনুযায়ী দরপত্র গ্রহণ ও খোলা হয়েছে।”

এদিকে বৃহস্পতিবার জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার এমাদুল হোসেন দরপত্রের বাক্স খোলা ও সময়ক্ষেপণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন।