বগুড়ায় বাইক থেকে পড়ে যাওয়া মা-ছেলেকে পিষে দিল ট্রাক
গুরুতর আহত মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে মারা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার আড়িয়া বি-ব্লক কাঁটাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান।
নিহতরা হলেন- উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২১) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে তাশফিয়ান রহমান।
এ সময় মোটরসাইকেল চালক মিঠু গুরুতর আহত হন।
পুলিশ জানায়, মিঠু মোটরসাইকেলে তার স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। চলতি পথে হঠাৎ করেই মোটরসাইকেল কাত হয়ে মহাসড়কে পড়ে যায়। তখন পেছন থেকে একটি ট্রাক এসে মা-ছেলেকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় মোস্তাফিজুর রহমান মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে। এ ব্যাপারে পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবে।
