ফেনীতে ২ মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ফেনীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর এলাকার ফেনী-সোনাইমুড়ি সড়কে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৭ বছর বয়সী ইয়াছিন আরাফাত সাগর ফেনীর দাগনভূঁঞায় সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের আমির হোসেন জাহাঙ্গীরের ছেলে। সে চলতি বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়।
তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি নিজাম উদ্দিন বলেন, দুটি বিপরীতমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ফেনী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশ মোটরসাইকেল দুটি জব্দ করেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
