হবিগঞ্জে জমির বিরোধ: সংঘর্ষে যুবক নিহত, আহত ৫০
সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানায় পুলিশ।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৫০ জন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মশাকলি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নিহত ৩৫ বছর বয়সী সুব্রত দাশ ওই গ্রামের যশের দাসের ছেলে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
“এরই জেরে সকালে দুপক্ষের লোকজন বাকবিতণ্ডে জড়ায়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।”
আহতদের মধ্যে মিন্টু দাশ, রাকেশ দাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
তাদের মধ্যে টেটাবিদ্ধ পাঁচ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ জানান, ফের সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
